বাংলাদেশে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর নগরী বা ‘টেক সিটি’ এবং ‘ইনোভেশন সিটি’ গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরকালে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনায় এই বিষয়টি উঠে আসে।
টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নিশ্চিত করেন যে, বাংলাদেশে একটি বিশেষায়িত টেক সিটি প্রতিষ্ঠার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচন এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। জাপান সরকারের পাশাপাশি বেশ কিছু শীর্ষস্থানীয় টেকনোলজি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে তথ্যপ্রযুক্তি (আইসিটি), শক্তি (এনার্জি) এবং অবকাঠামোগত খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাতগুলোর সংস্কার এবং প্রযুক্তিগত উন্নয়নে এই সফর ও বৈদেশিক বিনিয়োগ বেশ বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে জাপান সরকারের সাথে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত এই প্রকল্পসমূহ একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।