চট্টগ্রামের আনোয়ারায় প্রধান শিক্ষক তিন্নি চক্রবর্তীর বিরুদ্ধে অনিয়ম,আর্থিক দূর্নীতি ও ব্যবস্থাপনা কমিটি-২০২৬ গঠনের অভিযোগ উঠেছে।
উপজেলার ধানপুরা বোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিন্নি চক্রবর্তীর বিরুদ্ধে সরকারি বরাদ্ধকৃত স্লিপ ফান্ড, কন্টিনেন্সি বিল ও ওয়াইফাই বিলের টাকা আত্মসাৎ ও ব্যবস্থাপনা কমিটি-২০২৬ গঠনসহ নানান অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
বুধবার (২৪ জুন) এবিষয়ে বিদ্যালয়টির অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ধানপুরা বোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিন্নি চক্রবর্তী বিগত ১৬ বছর পূর্বে এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ প্রশাসনিক ও আর্থিক অনিয়ম সৃষ্টি করে আসছেন। যার মধ্যে প্রতিদিন বিদ্যালয় ছুটির পূর্বে বিদ্যালয় ত্যাগ করা, শিক্ষার্থী, অভিভাবকদের সাথে অশোভন আচরণ করা, প্রতি অর্থবছর সরকারিভাবে বরাদ্ধকৃত ‘স্লিপ এবং ‘কন্টিনেন্সি বিল’ এর টাকা বিদ্যালয়ের উন্নয়ন বা সংস্কার কাজে ব্যয় না করে ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করা এবং একতরফা ও পকেট কমিটি গঠন করে সরকারি টাকা আত্মসাৎ করার বিষয়গুলো উল্লেখ করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক তিন্নি চক্রবর্তী বলেছেন, সব অভিযোগ মিথ্যা, আর্থিক কোনো অনিয়ম৷ হয়নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী বলেছেন একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ নিয়ে লোকজন আসছিলো। আমি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিনকে বিষয়টি তদন্ত করতে বলেছি।